অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে এক পোল্ট্রি ব্যবসায়ীকে দুষ্কৃতীদের ডেরা থেকে উদ্ধার করলো মানিকচক থানার পুলিশ
দি নিউজ লায়নঃ অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে এক পোল্ট্রি ব্যবসায়ীকে দুষ্কৃতীদের ডেরা থেকে উদ্ধার করলো মানিকচক থানার পুলিশ। অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে ছয় জনকে আটক করেছে পুলিশ। অপহৃত ব্যবসায়ীর বাড়ি মানিকচক থানার চৌকিমিজদাপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর এলাকায়। আটক অভিযুক্তদের বাড়ি কালিয়াচক থানার আলিপুর এলাকায়। পাঁচ লক্ষ টাকা মুক্তিপণের দাবি করে ওই পোলট্রি ব্যবসায়ীকে অপহরণ করেছিল দুষ্কৃতীরা। মানিকচক থানা শ্যামপুর এলাকা থেকেই ওই ব্যবসায়ীকেই গাড়িতে করে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। এরপর অপহৃত ব্যবসায়ীর দাদা আনসারুল মোমিনের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। মোবাইলের সূত্র ধরেই অবশেষে ২৪ ঘন্টার মধ্যেই ওই ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ।
পাশাপাশি এই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর নাম মারুক মোমিন (৩৪)। তার বাড়ি মানিকচকের শ্যামপুর এলাকায়। বাড়ি সংলগ্ন এলাকাতেই বেশ কয়েকটি পোলট্রির ফার্ম রয়েছে ওই ব্যবসায়ীর। গত ২৭ ডিসেম্বর রাস্তা থেকেই গাড়িতে তুলে নিয়ে যায় অপহরণকারীদের দল। এরপর রাতেই ওই ব্যবসায়ীর বাড়িতে ফোন করে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার পর অপহৃত ব্যবসায়ীর দাদা আনাসারুল মোমিন মানিকচক থানায় পুরো ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ জানায়। মানিকচক থানার তদন্তকারী এক পুলিশ কর্তা জানিয়েছেন, যে নম্বর থেকে ফোন করা হয়েছিল , সেটির সূত্র ধরেই তদন্ত শুরু করা হয়।
এছাড়াও ওই পোল্ট্রি ব্যবসায়ী সঙ্গে কার কার যোগাযোগ রয়েছে, ব্যবসায়িক সূত্রে কোন টাকা-পয়সা লেনদেনের নিয়ে গোলমাল ছিল কিনা সেইসব বিষয়ে খতিয়ে দেখা শুরু করা হয়। আর এসব থেকেই বিভিন্ন তথ্য উঠে আসে। গোপন সূত্রে জানা যায় কালিয়াচক থানার আলিপুর এলাকায় ওই পোল্ট্রি ব্যবসায়ীকে আটকে রাখা হয়েছে। এরপরই ২৯ ডিসেম্বর রাতে গোপন সূত্রে অভিযান চালিয়ে আলিপুরের একটি পরিত্যক্ত বাড়ি থেকেই মারুক মোমিন নামে ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। এর সাথে ছয় জনকে আটক করা হয়েছে।
অপহৃত ব্যবসায়ীর পরিবার সূত্রে জানা গিয়েছে, যারা অপহরণ করেছিল, তাদেরকে চিনত না মারুক মোমিন। হঠাৎ করে তাকে কেন অপহরণ করা হলো, সেটা নিয়েও বুঝে উঠতে পারছেন না ওই ব্যবসায়ী পরিবার। তবে কয়েক জনের মুখ ওই ব্যবসায়ী চিনতে পেরেছেন বলে পুলিশকে জানিয়েছেন। মানিকচক থানার ওসি কুনাল কান্তি দাস জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করা হয়েছিল। ২৪ ঘণ্টার মধ্যে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে তার পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। আপাতত এই ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

Post a Comment